যা নিয়ে ব্যস্ত ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া l ছবি: প্রথম আলো
নুসরাত ফারিয়া l ছবি: প্রথম আলো

অনেক তো হলো কাজকর্ম। এবার পড়াশোনায় মনোযোগী নুসরাত ফারিয়া। মানুষটি মিডিয়াজগতের হলেও পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায় প্রশাসন। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। পড়াশোনার চাপ একটু বেশি, তাই বছরের শুরু থেকে কাজ কমিয়ে দিয়েছেন। যে ফারিয়া গত বছরেও সপ্তাহে ৮ থেকে ১০টি টিভি শো করতেন, তিনিই এখন মাত্র দুটি টিভি আর একটি রেডিও শো করছেন। ভাবা যায়! তবে এর ফাঁকে অন্য রকম কাজও করছেন। এই যেমন ৫ মার্চ ফারিয়াকে দেখা যাবে পুলিশের সঙ্গে, রাজারবাগ পুলিশ লাইনসে। সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান নিয়ে ফারিয়া প্রস্তুতি ও পরিকল্পনা শুরু করে দিয়েছেন এরই মধ্যে। তিনি জানালেন, অনুষ্ঠানটি পুলিশের, তাই এ নিয়ে আলাদা একধরনের আগ্রহ কাজ করছে তাঁর ভেতরে। পুলিশের সঙ্গে খোলামেলা কথা বলবেন তিনি, যার মধ্যে থাকবে নিরাপত্তার বিষয়টিও। মজা করেই ফারিয়া বলেন, ‘আমি তো ঠিক করে রেখেছি, মঞ্চে উঠে পুলিশের কাছে শিল্পীদের জন্য নিরাপত্তা চাইব। কারণ, আমরা দেশের নানা প্রান্তে গিয়ে অনুষ্ঠান করি, অনেক সময় আমরা নিরাপত্তার অভাব বোধ করি। এর পরও এই নিরাপত্তাহীনতা নিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হয়। তাই পুলিশের কাছে গিয়ে বলব, তাঁরা যেন আমাদের শিল্পীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেন।’
ফারিয়া জানিয়ে দিলেন, উপস্থাপনার বাইরে আপাতত অভিনয় নিয়ে নেই তাঁর কোনো পরিকল্পনা। তবে নাচ নিয়ে বিশেষভাবে ভাবছেন তিনি। ৮ মার্চ আরটিভি আয়োজিত নারী দিবসের বিশেষ এক আয়োজনে নৃত্য পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন এই টিভি ও রেডিও উপস্থাপক। ফারিয়া জানালেন, সব বয়সী নারীদের সম্মান ও শ্রদ্ধা জানাবেন তিনি তাঁর নাচের মাধ্যমে।